পুঁজিবাজারে বড় পরিবর্তনের বার্তা, এক বছরের লক্ষ্য সরকারের
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও আইওএসসিও আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সিডিবিএল প্রতিষ্ঠা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন বাজারে বাস্তবভিত্তিক উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম প্রয়োজন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে।
মন্ত্রী আরও বলেন, শুধু বিএসইসির একক প্রচেষ্টায় পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে স্বচ্ছতা, সুশাসন, পেশাদারিত্ব ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
