সোমবার, অক্টোবর ৫, ২০২৬
আইপিও

কনফিডেন্স পাওয়ারের ৪০০ কোটি টাকার আইপিও, রোড শো ১৮ অক্টোবর

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহ করে তালিকাভুক্ত হতে চায় কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। এ লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রোড শো আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে কোম্পানিটি আইপিওর রেড হেয়ারিং প্রসপেক্টাস প্রকাশ করেছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের একটি অংশ কক্সবাজারে ১০০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, কনফিডেন্স ডরিন পাওয়ার লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ এবং ঋণের একটি অংশ পরিশোধে ব্যয় করা হবে।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি মূলত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির ব্যবসায় নিয়োজিত। ২০১৭ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।

কোম্পানিটির বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩৯৩.১৬ মেগাওয়াট। এর অধীনে থাকা সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনফিডেন্স পাওয়ার বগুড়া, কনফিডেন্স পাওয়ার রংপুর ও জোডিয়াক পাওয়ার চিটাগং ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। পাশাপাশি কনফিডেন্স ডরিন পাওয়ার ১০০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে।

সর্বশেষ অর্থবছর ২০২৫-২৬ সালে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৭৭ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৮৩ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৩ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটি আগামী দিনে সৌর, গ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩৯৩ মেগাওয়াট থেকে ২ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

ইস্যু ম্যানেজারের মূল্যায়ন অনুযায়ী, বিভিন্ন পদ্ধতিতে কনফিডেন্স পাওয়ারের শেয়ারের প্রক্ষেপিত মূল্য ১৭৯ টাকা ৫৮ পয়সা থেকে ৫৮২ টাকা ৩৩ পয়সার মধ্যে রয়েছে। তবে বুক বিল্ডিংয়ের নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দামের ভিত্তিতেই শেয়ারের নির্দেশিত মূল্য নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *