সোমবার, জুলাই ২০, ২০২৬
আইপিও

টেকনো ড্রাগসের লেনদেন শুরু

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন আজ রবিবার (১৪ জুলাই) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে টেকনো ড্রাগসের ট্রেডিং কোড ‘‌টেকনোড্রাগস’ ও কোম্পানিটি কোড হবে ১৮৪৯৯।

এর আগে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ও বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে টেকনো ড্রাগসের কাট অফ প্রাইস (প্রান্তসীমা মূল্য) নির্ধারিত হয়েছে ৩৪ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা কাট অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কমে ২৪ টাকায় কোম্পানিটির শেয়ার কিনতে পারবেন।

গত ২১-২৪ এপ্রিল পর্যন্ত যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণে ইলেকট্রনিক বিডিংয়ে অংশগ্রহণ করেন। বিডিংয়ে কাট অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৩৪ টাকা। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৯০২তম কমিশন সভায় টেকনো ড্রাগস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা, বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে যা ৩ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *