সোমবার, নভেম্বর ২, ২০২৬
জাতীয়

শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন মজুরি নির্ধারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভায় বসবেন বোর্ডের সদস্যরা। সেখানে আলোচনা করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ ও জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পমালিকদের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছু শিল্পমালিক ও কারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ধরনের মালিক ও কারখানার তালিকা সরকারের কাছে জমা দেবেন তারা।

 

 

এ ছাড়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এমন কিছু শ্রমিক নেতা ও সংগঠনের নামের তালিকাও মালিকদের কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি। তবে শ্রমিক বা কোনো শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন না।

আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে যারা ইন্ধন দিচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে।

 

 

তিনি বলেন, দুঃখজনকভাবে কিছু শিল্পমালিকও এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। পাশাপাশি শ্রমিক সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থ রক্ষা করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে জড়িত, তাদের কঠোর হাতে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *