রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসই’র উদ্যোগে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পুঁজিবাজার প্রেস.কম : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্যোগে “ব্যাংক ও এনবিএফআই-এর জন্য ডিএসই তালিকাভুক্তি বিধিমালা অনুসারে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ও ডিএসই ট্রেনিং একাডেমির আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডিএসই’র পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম এবং সিডিবিএল এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।
হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত কর্মশালায় ডিএসই’র পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুধু আইন কানুন জানলে হবে না নৈতিকতার অনুশীলন করতে হবে। তাহলে আমরা একটি পরিচ্ছন্ন পুঁজিবাজার পাবো৷
ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান অংশগ্রহণকারীদের ট্রেনিং প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ডিএসই’র পক্ষ থেকে আমরা এই জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত আয়োজন করার চেষ্টা করব। বর্তমানে এই প্রোগ্রামগুলোতে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আগ্রহীরা খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন।
ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম তালিকাভুক্তি নিয়ন্ত্রণ এবং অন্যান্য সিকিউরিটিজের অধীনে ডকুমেন্টেশন বন্ধকতা এবং বাজেয়াপ্তির আইন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর মহাব্যবস্থাপক (সিডিএস অ্যাপ্লিকেশন এবং প্রশিক্ষণ), রাকিবুল ইসলাম চৌধুরী অঙ্গীকারকৃত, অঙ্গীকারবিহীন এবং বাজেয়াপ্তকরণ সংক্রান্ত ডিপি অপারেশন বিষয়ে আলোকপাত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *