বুধবার, আগস্ট ১২, ২০২৬
আজকের সংবাদ

ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের (সিএফও) কে কারাগারে পাঠানোর নির্দেশ আদালত।

এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে (৪৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারহান উদ্দিন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি এ মামলায় ফারহান উদ্দিন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন। মঙ্গলবার সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফারহান উদ্দিনসহ চারজন পরস্পর যোগসাজশে আইনি খরচের নামে কোম্পানির অর্থ অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করে
তবে আসামিপক্ষ এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছে। আসামিপক্ষের আইনজীবী মাসুদ চৌধুরীর ভাষ্য, উচ্চ আদালতে চলমান মামলার আইনি ব্যয় কোম্পানির পক্ষ থেকেই বহন করা হয়েছিল। এ সংক্রান্ত ভাউচারও রয়েছে বলে দাবি করেন তিনি।
মামলার সূত্রে জানা যায়, এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বরের তদন্ত নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে মামলাটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *