সোমবার, জুলাই ৬, ২০২৬
আজকের সংবাদ

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন ব্যবহৃত, উৎপাদন সক্ষমতা হারানো এবং অধিক গ্যাস খরচের কারণে অলাভজনক হয়ে পড়া মোট ১৯২টি যন্ত্রপাতি বিক্রি করবে। একই সঙ্গে কোম্পানির ওয়াশিং ইউনিটের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হবে। ভবিষ্যতে ওই ইউনিটে কাপড় উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের ৫ জুলাই অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্যে বলা হয়েছে, বিক্রির জন্য অনুমোদিত যন্ত্রপাতিগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে তাদের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি এসব যন্ত্র পরিচালনায় অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। এ ছাড়া যন্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয়ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রযুক্তিগত ও আর্থিক—উভয় দিক থেকেই এসব যন্ত্রপাতি কোম্পানির জন্য অকার্যকর ও অলাভজনক হয়ে পড়েছে।
এ অবস্থায় উৎপাদন দক্ষতা বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে আধুনিক প্রযুক্তির কম গ্যাস ব্যবহারকারী নতুন যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে কোম্পানি। পরিচালনা পর্ষদের মতে, পুরোনো যন্ত্রপাতি বিক্রি করে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ কোম্পানির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্বার্থ রক্ষা করবে।
কোম্পানিটি জানিয়েছে, যন্ত্রপাতি বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উন্মুক্তভাবে দরপ্রস্তাব আহ্বান করা হয়। প্রাপ্ত সব প্রস্তাব যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ গ্রহণযোগ্য দরদাতার প্রস্তাব পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। সেই অনুযায়ী মোট ২ কোটি ৮২ লাখ টাকায় ১৯২টি যন্ত্রপাতি বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *