বুধবার, নভেম্বর ১১, ২০২৬
আইপিও

৪০০ কোটি টাকাসহ আইপিওতে আসতে চায় ৬ কোম্পানি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজার থেকে নতুন করে মূলধন সংগ্রহের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ছয়টি কোম্পানি সম্মিলিতভাবে ৬১২ কোটি টাকার বেশি সংগ্রহের আবেদন করেছে।

বিদ্যুৎ, তৈরি পোশাক, প্যাকেজিং, আর্থিক সেবা ও প্রযুক্তি খাতের এসব প্রতিষ্ঠানের আবেদনে শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

আবেদনকারী ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। কোম্পানিটি ৪০০ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে।

অন্যদিকে পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৭৮ কোটি টাকা, স্ক্যান্ডেক্স (বিডি) ৫৫ কোটি টাকা, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা, ডিজিকন টেকনোলজিস ৩০ কোটি টাকা এবং প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা তুলতে চায়।

গত দুই বছরের বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম প্রায় স্থবির ছিল। অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর পাবলিক অফারসংক্রান্ত বিধিমালা পর্যালোচনা ও সংশোধনের কারণে নতুন কোম্পানির আবেদন আসেনি।

পরবর্তী সময়ে আইপিওর নিয়মকানুনে পরিবর্তন এবং আবেদন প্রক্রিয়ার কিছু জটিলতা কমানো হলে আবারও শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন কোম্পানি।

আবেদন করা ছয় প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে এবং একটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

সাত বছর পর শতভাগ রপ্তানিমুখী পোশাক কোম্পানির আইপিও

ছয় প্রতিষ্ঠানের মধ্যে স্ক্যান্ডেক্স (বিডি) লিমিটেডের আইপিও আবেদন বিশেষ গুরুত্ব পাচ্ছে। কোম্পানিটি তালিকাভুক্ত হতে পারলে সাত বছর পর প্রথম শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে যুক্ত হবে। কারখানার সক্ষমতা বাড়ানো এবং নতুন যন্ত্রপাতি কেনার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

কোম্পানিটির প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৩ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৩ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মাসিক পোশাক উৎপাদন সক্ষমতা প্রায় ১৫ লাখ পিস। প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৩৫ লাখ পিস। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখ পিসে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে ২০১৯ সালে রিং শাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠানটি ছিল সর্বশেষ আইপিওতে আসা কোম্পানি। তবে তালিকাভুক্তির পর ব্যবসা পরিচালনা ও উৎপাদন কার্যক্রমে নানা সংকটে পড়ে রিং শাইন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কয়েকটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করলেও রিং শাইনের পর আর কোনো শতভাগ রপ্তানিমুখী পোশাক কোম্পানি আইপিওতে আসেনি।

৪০০ কোটি টাকা তুলতে চায় কনফিডেন্স পাওয়ার

ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা তুলতে চায়। প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪২ টাকা। সংশোধিত আইপিও বিধিমালা অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারীরা এই নির্দেশক মূল্যের ২৫ শতাংশ বেশি বা কমের মধ্যে দর প্রস্তাব করতে পারবেন। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারের চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।

আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে কক্সবাজারের উত্তরাঞ্চল এবং বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট করে দুটি গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পাশাপাশি ব্যাংকঋণের একটি অংশ পরিশোধ করা হবে। প্রসপেক্টাসে দেওয়া পরিকল্পনা অনুযায়ী, উত্তোলিত অর্থের ৮৩ শতাংশ জমি কেনা ও অবকাঠামো নির্মাণে, ১৫ শতাংশ ঋণ পরিশোধে এবং অবশিষ্ট ২ শতাংশ আইপিও-সংক্রান্ত খরচে ব্যয় করা হবে। আইপিও প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ১০ দিনব্যাপী রোডশোও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে টেকনো ড্রাগস বুক বিল্ডিং পদ্ধতিতে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। এরপর নতুন করে আর কোনো বুক বিল্ডিং আইপিওর আবেদন জমা পড়েনি।

৭৮ কোটি টাকা তুলতে চায় পার্কওয়ে প্যাকেজিং

ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং আইপিওর মাধ্যমে ৭৮ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে। কোম্পানিটি প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করেছে ৪০ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৩০ টাকা প্রিমিয়াম। ফিক্সড প্রাইস পদ্ধতিতে এত বেশি প্রিমিয়ামসহ আইপিওতে আসার প্রস্তাব তুলনামূলক বিরল। এর আগে ২০১৬ সালে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস প্রতিটি শেয়ারে ১৯ টাকা প্রিমিয়াম নিয়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছিল।

পার্কওয়ে প্যাকেজিং ১ কোটি ৯৫ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজারের মূল মার্কেটে তালিকাভুক্ত হতে চায়। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, আইপিও থেকে পাওয়া অর্থের মধ্যে ৬৫ কোটি টাকা কারখানার ভবন ও অবকাঠামো নির্মাণে, ১০ কোটি ৬৫ লাখ টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনায় এবং বাকি ২ কোটি ৩৫ লাখ টাকা আইপিও-সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করা হবে।

অ্যালায়েন্স ফাইন্যান্সের আবেদন ৩৪ কোটি ৬৫ লাখ টাকা

অন্যদিকে, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে আইপিও আবেদন করেছে। ২০০৩ সালে অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি নামে নিবন্ধিত প্রতিষ্ঠানটি ২০১৭ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

স্থানীয় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান ও উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা এই কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে সামিট গ্রুপ, র‌্যাংগস গ্রুপ, অ্যালায়েন্স হোল্ডিংস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং কনসেপ্ট নিটিংয়ের প্রতিনিধিরা রয়েছেন। প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স পিএলসি। এটি শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত পিপলস ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *