এক সপ্তাহের ব্যবধানে ২৯ শতাংশ লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
গত সপ্তাহে (০১-০৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ কোটি টাকা। পর্যালোচনাধীন সপ্তাহে ডিএসইতে লেনদেন প্রায় ২৯ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
পর্যালোচনাধীন সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৫২১ কোটি ৩৭ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৪ শতাংশ।
গত সপ্তাহে প্রধান পুঁজিবাজারের বাজার মূলধন কমেছে ৬৯৮ কোটি ২৮ লাখ ৯১ হাজার ২০১ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ২২ দশমিক ৯১ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৬১ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি এক সপ্তাহে ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক কমেছে ৩.৭৯ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে অপরিবর্তিত ছিল ২০৫টির শেয়ার দর। অন্যদিকে, বেড়েছে ৩৭টি কোম্পানির শেয়ার, কমেছে ১২০টি কোম্পানির শেয়ার দর।
