ওয়ালটন হাই-টেকের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (৩০ জুন, ২০২৩) সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। একজন বিনিয়োগকারী শেয়ার প্রতি ৩০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। গত বছরের শুরুতে কোম্পানিটি ২৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা, আগের বছরের তুলনায় ৪০ টাকা ১৬ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১১১.৮৪ পয়সা। যেখানে আগের বছর নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৭৯১ পয়সা।
এছাড়া ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪৩ টাকা ৭৩ পয়সা।
এদিকে কোম্পানির রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ২ অক্টোবর। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
