× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
আজকের সংবাদ

খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল রাখল বিএসইসি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে কমিশনের কাছে রিভিউ করেও কোনো সুফল পাননি তিনি।

তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে বিএসইসি। ফলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অযোগ্যতা বহাল থাকছে।

মঙ্গলবার বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নতুন কোনো তথ্য কিংবা গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করতে পারেননি খায়রুল বাশার।

পাশাপাশি আগের আদেশ জারির ক্ষেত্রে কোনো ধরনের প্রক্রিয়াগত ত্রুটি ছিল, এমন প্রমাণও দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ জুলাই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে কমিশন। ওই আদেশের ফলে কোনো স্টক এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারি, তালিকাভুক্ত কোম্পানি কিংবা বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শেয়ারবাজার-সংশ্লিষ্ট দাপ্তরিক পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা হারান তিনি।

এ আদেশ পুনর্বিবেচনার জন্য গত ১ সেপ্টেম্বর কমিশনের কাছে আবেদন করেন খায়রুল বাশার।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২৬ ধারার আওতায় তার আবেদনটি পর্যালোচনা করে বিএসইসি। পর্যালোচনায় কমিশন দেখতে পায়, আবেদনে আগের সিদ্ধান্ত পরিবর্তনের মতো নতুন কোনো তথ্য তুলে ধরা হয়নি।

একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন সুনির্দিষ্ট যুক্তিও দিতে পারেননি আবেদনকারী। সংশ্লিষ্ট নথি, তথ্য-উপাত্ত ও আইনি বিষয়গুলো যাচাই করে আগের আদেশ বাতিল কিংবা সংশোধনের যৌক্তিক কোনো কারণ খুঁজে পায়নি কমিশন। এ কারণে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর সিআরও হিসেবে দায়িত্ব পালনের সময় অবহেলার অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে জমা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে। এসব প্রতিবেদন যথাসময়ে জমা না হওয়ায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম শনাক্ত এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে মনে করে বিএসইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *