ঘোষণা দিয়েও লভ্যাংশ দেয়নি ১৭ কোম্পানি
লভ্যাংশ বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে গত এপ্রিলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠকও হয়েছিল। সেই বৈঠকের পাঁচ মাস পার হলেও লভ্যাংশ বিতরণ করেনি কোম্পানিগুলো।
নির্ধারিত সময়ে লভ্যাংশ বিতরণে ব্যর্থতার জন্য সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিএসইসির পক্ষ থেকে বলা হলেও এখন পর্যন্ত কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে বলেন, যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেও তা বিতরণ করেনি সেসব কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। এনফোর্সমেন্টের অংশ হিসাবে কোম্পানির পরিচালকদের শুনানিতে ডাকা হবে এরপর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি কোন লভ্যাংশ বিতরণ করেনি। এরমধ্যে লুব-রেফ (বাংলাদেশ), আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার টেক, আমরা টেকনোলজিস ও ফরচুন সুজ মাত্র ১ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছিল। অন্যদিকে ওরিয়ন ফার্মা ও আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ১ দশমিক ৭৫ শতাংশ, এসএস স্টিলস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েও তা কার্যকর করেনি। তবে আংশিক লভ্যাংশ বিতরণ করেছে দুটি কোম্পানি। এর মধ্যে আফতাব অটো মোবাইলস ঘোষিত লভ্যাংশের ১২ দশমিক শূন্য ৬ শতাংশ বিতরণ করেছে। এ কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এডভেন্ট ফার্মা ১ শতাংশ ঘোষিত লভ্যাংশের ৪০ দশমিক ২১ শতাংশ বিতরণ করেছে।
অন্যদিকে এসএমই মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টস ১২ শতাংশ, ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেও কোনো অর্থ দেয়নি বিনিয়োগকারীদের। হিমাদ্রি লিমিটেড ঘোষিত লভ্যাংশের ৭৭ দশমিক ৩৭ শতাংশ, বেঙ্গল বিস্কিটস ৬২ দশমিক ১৩ শতাংশ ও মাস্টারফিড এগ্রোটেক ১৪ দশমিক ৫৯ শতাংশ অর্থ বিতরণ করেছে।
বিএসইসির পক্ষ থেকে ডিএসইর কাছে কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির জবাবে গত ১৭ সেপ্টেম্বর ডিএসইর পক্ষ থেকে পাঠানো তথ্য এবং ডিএসইর ওয়েবসাইটের সবশেষ তথ্য বিশ্লেষণে লভ্যাংশ বিতরণের এমন চিত্রই উঠে এসেছে। ২০২৪ সালের জুনে এসব কোম্পানির হিসাব বছর শেষ হয়েছে।
