রবিবার, আগস্ট ২৩, ২০২৬
ব্যাংক

জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিলো এনসিসি ব্যাংক

সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন এমপির উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, উন্নয়নবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ আলম আশরাফী, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম ও অন্যান্য কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এনসিসি ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। তবে এ খাতের আরও উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এনসিসি ব্যাংক। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ব্যাংকটি।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান ব্যাংকটির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *