বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করবেন আবদুর রহমান খান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬
তবে এ নিয়োগের জন্য তাকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তও দেওয়া হয়েছে
নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ২০২৬ সালের জুনে তিনি অবসরে যান।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন।
বিসিএস কর ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ সরকারি কর্মজীবন শেষে এবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন।
