শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

টেকনো ড্রাগসের সুদ বকেয়া প্রায় ১৩ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: সরকারি দরপত্রের মাধ্যমে পণ্য বিক্রি গত দুই বছর ধরে বন্ধ থাকায় নগদ অর্থপ্রবাহের সংকটে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। এতে ব্যাংকঋণের সুদ বাবদ ১২ কোটি ৯৮ লাখ টাকা বকেয়া রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ব্যাখ্যায় কোম্পানিটি জানায়, ব্যাংকঋণের সুদ বাবদ মোট দায় ছিল ২১ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে ৮ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ও নগদ অর্থের সংকটে নিয়মিত সুদ পরিশোধ করা সম্ভব হয়নি।

কোম্পানিটির প্রধান ব্যবসা ওষুধ উৎপাদন ও সরবরাহ। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি। এসব পণ্যের গুরুত্বপূর্ণ বাজার সরকারি দরপত্রে বিক্রি বন্ধ থাকায় ব্যবসা ও নগদ অর্থপ্রবাহে বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে, ব্যাংকের নিলামপ্রক্রিয়া নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে টেকনো ড্রাগস দাবি করেছে, সংশ্লিষ্ট সময়ে নিলামপ্রক্রিয়া শুরুর বিষয়টি তাদের জানা ছিল না। তবে কোন ব্যাংক কী সম্পদ নিলামে তুলেছে বা প্রক্রিয়াটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *