নিশ্চিত মুনাফার প্রলোভনে শেয়ারবাজারে প্রতারণার ফাঁদ!
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে দ্রুত ও নিশ্চিত মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে ডিজিটাল প্রতারণা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের দাম বাড়ার গুজব, গোপন তথ্যের দাবি এবং ভুয়া ব্রোকারেজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য উঠে এসেছে। প্রতারণার কাজে ৮১টি মেসেঞ্জার গ্রুপ, এক হাজারের বেশি পেজ এবং ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।
চার্টার্ড ফাইন্যান্সিয়াল সোসাইটির সভাপতি মাহতাব ওসমানী বিনিয়োগকারীদের নিশ্চিত মুনাফার প্রতিশ্রুতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান বলেন, বিনিয়োগের আগে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষকের পর্যবেক্ষণ যাচাই করা জরুরি।
এদিকে, ডিজিটাল প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে বাজার নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ডিএসই। সংস্থাটির চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কাজ করছে ডিএসই।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে বিনিয়োগ না করে তথ্যের সত্যতা যাচাই, কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করলে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।
