ডিএসইর ব্রোকারেজ হাউজের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস কেএই বি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক–১৪৩)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়মভঙ্গের অভিযোগ যাচাইয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্দেশ্যে কমিশন তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে, যাদের ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড থেকে ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ নেওয়ার বিষয়টি তদন্তের প্রধান অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এ সংক্রান্ত আদেশ বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি হয়ে কেএইচবি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইউসুফ ভূঁইয়া, সহকারী পরিচালক মো. কামাল হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ ইকরাম হোসেন। তারা ব্রোকারেজ হাউসটির সার্বিক কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন।
বিএসইসি বলছে, শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য কেএইচবি সিকিউরিটিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গভীরভাবে তদন্ত করা জরুরি হয়ে উঠেছে। সে কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯–এর সেকশন ২১ এবং বিএসইসি আইন, ১৯৯৩–এর ধারা ১৭(ক) অনুযায়ী কমিটিকে তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।
