শনিবার, জুন ৬, ২০২৬
কোম্পানি সংবাদ

নিলামে উঠছে পুঁজিবাজার তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অফিস ও জাহাজ

পুঁজিবাজার তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড একসময় শীর্ষ জাহাজ নির্মাতা হিসেবে আধিপত্য বিস্তার করে। এখন দেশের শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সরকারের ঋণ পরিশোধে কোম্পানিটি বিশেষ সুবিধা নেওয়ার পরও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের খেলাপির তালিকায় উঠে আসছে। এবার ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় খেলাপি হয়েছে ৯৪ কোটি ৪৭ লাখ টাকা।

এর আগে ব্যাংক এশিয়ায় ৫০৫ কোটি টাকা। এরপর ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখায় ৮৯৫ কোটি ৫০ লাখ টাকা। ফলে আতঙ্কে রয়েছে অন্যান্য আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখা সূত্রে জানা গেছে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিয়মিত ব্যাংকের বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয়। তবে, সরকার ঋণ পুনর্নির্ধারণের অনুমতি দেয়। গত ২৮ আগস্ট পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছে খেলাপি ঋণ ৯৪ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৫৪৭ টাকা।

এই ঋণের বিপরীতে হেড অফিসে মোট 4,300 বর্গফুট অফিস স্পেস এবং ওয়েস্টার্ন ক্রুজ নামে একটি জাহাজ বন্ধক রয়েছে। আর এই বকেয়া আদায়ের জন্য আগামী ৫ অক্টোবর আগ্রাবাদ কার্যালয়ে নিলাম অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে পারবেন।

অন্যদিকে ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে, এ ব্যাংকের আগ্রাবাদ শাখায় ৮৯৫ কোটি ৫০ লাখ টাকার খেলাপি ঋণ রয়েছে। এছাড়া ব্যাংক এশিয়ার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের খেলাপি ঋণের পরিমাণ ৫০৫ কোটি ৯০ লাখ টাকা। আর এই ঋণের কারণে গত বছরের শেষ দিকে চট্টগ্রাম অর্থ আদালতে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং ৬০০/২২)।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদ কর্তৃক প্রকাশিত শীর্ষ ২০ খেলাপির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কোম্পানিটির মোট ঋণের পরিমাণ ১ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৫২৯ কোটি টাকা খেলাপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *