পদত্যাগ করা এমডিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা
সম্প্রতি পদত্যাগ করা কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সোমবার (১১ সেপ্টেম্বর) সাউথ বেঙ্গল এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) হাবিবুর রহমানের সঙ্গে আলোচনা হয়।
একই দিন পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খানকেও আলোচনার জন্য ডাকা হয়। তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের
এছাড়া ব্যাংক এশিয়ার এমডি পদ থেকে পদত্যাগ করা আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর বিষয়ে খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে ডাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কক্ষে তাকে আলোচনার জন্য ডাকা হয়েছে।
এর আগে গত সপ্তাহে পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান পদত্যাগ করেন। ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী ২৬ জুলাই পদত্যাগ করেন। এছাড়া গত বৃহস্পতিবার এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান ব্যাংক কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন।
দেশের ব্যাংক ব্যবস্থাপনার এমডিরা যাতে পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব সামলাতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক থেকে পদত্যাগ করা এমডি মাহমুদ হোসেনকে কাজে ফিরিয়ে আনা হয়। একই বিষয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
