শনিবার, মে ২৩, ২০২৬
আজকের সংবাদ

বন্ধ কলকারখানা চালু করতে করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

দেশে বন্ধ কলকারখানা চালু করাসহ স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা হবে পুনঃঅর্থায়ন তহবিল। বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হলে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বেলা আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি গভর্নরসহ দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা ছিলেন।
ঘোষিত প্যাকেজের মধ্যে ২০ হাজার কোটি টাকা অর্থায়ন হবে দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের কোম্পানি সচল করতে। আর ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (সিএসএমই) অর্থায়ন হবে ৫ হাজার কোটি টাকা। এছাড়া কৃষি খাতে ১০ হাজার কোটি, রফতানিতে বৈচিত্র সৃষ্টিতে ৩ হাজার কোটি, উত্তরাঞ্চলের কৃষিতে ৩ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হবে বলে গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত এ তহবিলের মেয়াদ হবে ৩ বছর। এক্ষেত্রে সুদহার হবে ১০ শতাংশ।
আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১৯ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে সরকার গ্যারান্টি দিবে। এ তহবিল থেকে প্রি-শিপমেন্ট খাতে ৫ হাজার কোটি, সিএসএমই খাতে ৫ হাজার কোটি, চামড়া পণ্য ও জুতা রফতানিতে ২ হাজার কোটি, বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ১ হাজার কোটি, গ্রামীণ অর্থনীতি প্রণবন্ত করতে ১ হাজার কোটি, হিমাহিত চিংড়ি ও মাছ রফতানি খাতে ২ হাজার কোটি, গ্রিণ ইকো-ফ্রেন্ডলি তহবিলে ১ হাজার কোটি, বিদেশে কর্মসংস্থান খাতে ১ হাজার কোটি, স্টার্ট-আপে ৫০০ কোটি এবং ক্রিয়েটিভ ইকোনমিতে ৫০০ কোটি টাকা যোগান দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *