শনিবার, মে ২৩, ২০২৬
আজকের সংবাদ

ক্যাশ ডিভিডেন্ড বিতরণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে’বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতে মূলধনভিত্তি আরও শক্তিশালী করতে ক্যাশ ডিভিডেন্ড বিতরণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা চলতি বছর থেকে কোনো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না।
শনিবার (২৩ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, বৈশ্বিক ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, যেসব ব্যাংক বিদ্যমান নীতিমালার আওতায় ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার উপযুক্ত হবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ ক্যাশ হিসেবে বিতরণ করতে পারবে। বাকি অংশ স্টক ডিভিডেন্ড হিসেবে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নির্দেশনা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছর এবং পরবর্তী সময়ের ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। তবে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা আগের মতো বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিভিডেন্ডের একটি অংশ সংরক্ষণের মাধ্যমে ব্যাংকগুলো যাতে মূলধন আরও শক্তিশালী করতে পারে, সেটিই এ নীতিমালার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *