বস্ত্র খাতে সংকট আরও গভীর, ঝুঁকিতে ১৪ কোম্পানির অস্তিত্ব
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর আর্থিক সংকট আরও গভীর হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খাতটির ১২টি কোম্পানি লোকসানে রয়েছে। মুনাফা করা ২৫টি কোম্পানির মধ্যে ১৩টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। একই সঙ্গে ১২টি কোম্পানি আগের বছরের তুলনায় লভ্যাংশ কমিয়েছে। এ ছাড়া ১৪টি কোম্পানির অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষকরা। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না ১৮টি কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণার তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, বস্ত্র খাতের ৪০টি কোম্পানির মধ্যে ৩৭টি ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি তিনটি কোম্পানি এখনো আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ-সংক্রান্ত সভা করেনি। লভ্যাংশ ঘোষণা করা ৩৭টি কোম্পানির মধ্যে সাতটি কোনো লভ্যাংশ দেয়নি। আর আগের অর্থবছরের তুলনায় লভ্যাংশ কমিয়েছে ১২টি কোম্পানি।
কমেছে ১৩ কোম্পানির ইপিএস
মুনাফা করা ২৫টি কোম্পানির মধ্যে ১৩টির ইপিএস আগের অর্থবছরের তুলনায় কমেছে। এর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ইপিএস ৭ টাকা ২৪ পয়সা থেকে কমে ৪ টাকা ৫০ পয়সা হয়েছে। আরগন ডেনিমসের ইপিএস ১ টাকা ৬৮ পয়সা থেকে কমে ১ টাকা ১৬ পয়সা হয়েছে।
দেশ গার্মেন্টসের ইপিএস ৭৩ পয়সা থেকে কমে ৪৮ পয়সা এবং সায়হাম টেক্সটাইলের ৫৯ পয়সা থেকে কমে ২৯ পয়সা হয়েছে। শাশা ডেনিমসের ইপিএস ১ টাকা ৫৭ পয়সা থেকে কমে ১ টাকা ৩ পয়সা এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭৫ পয়সা থেকে কমে ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
কমেছে কয়েকটি কোম্পানির লভ্যাংশ
লভ্যাংশের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দেশ গার্মেন্টসের লভ্যাংশ ৩ শতাংশ থেকে কমে ২ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ থেকে ১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬ শতাংশ থেকে ৫ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ শতাংশ থেকে কমে দেড় শতাংশ হয়েছে। মুন্নু ফেব্রিক্স ও ভিএফএস থ্রেডের লভ্যাংশও উল্লেখযোগ্যভাবে কমেছে।
লোকসানে ১২ কোম্পানি
বস্ত্র খাতের ১২টি কোম্পানি লোকসানে রয়েছে। এগুলো হলো—ফারইস্ট নিটিং, এস্কয়ার নিট, আল-হাজ্ব টেক্সটাইল, এমএল ডাইং, ড্রাগণ সোয়েটার, স্টাইলক্রাফট, তাল্লু স্পিনিং, জাহিন স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং ও আনলিমা ইয়ার্ন।
এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির লোকসান আগের বছরের তুলনায় আরও বেড়েছে। ফলে খাতটির আর্থিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে।
অস্তিত্ব নিয়ে শঙ্কায় ১৪ কোম্পানি
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অস্তিত্বের ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোকে ঘিরে। নিরীক্ষকদের প্রতিবেদনে বস্ত্র খাতের ১৪টি কোম্পানির অস্তিত্ব নিয়ে ঝুঁকির কথা উঠে এসেছে।
কোম্পানিগুলো হলো—অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং, তুং হাই নিটিং ও জাহিন স্পিনিং।
১৮ কোম্পানির আর্থিক তথ্য প্রকাশ বন্ধ
এদিকে, ১৮টি কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। ফলে এসব প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম ও মুনাফা-লোকসানের প্রকৃত চিত্র সম্পর্কে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য পাচ্ছেন না।
কোম্পানিগুলো হলো—জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, নূরানি ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, এইচআর টেক্সটাইল, তুং হাই নিটিং, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন, মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, ফেমিলিটেক্স, ম্যাকসন্স স্পিনিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং।
দীর্ঘদিন আর্থিক তথ্য প্রকাশ না করায় এসব কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে বস্ত্র খাতের বড় একটি অংশ আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
