বাংলাদেশের পুঁজিবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
পুঁজিবাজার প্রেস.কম :বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা পরিস্থিতি সত্ত্বেও কিছু ‘বনেদি’ কোম্পানি তাদের শক্তিশালী আর্থিক ভিত্তি এবং বিনিয়োগকারী-বান্ধব নীতির কারণে দ্যুতি ছড়াচ্ছে। সর্বশেষ ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪১২টি প্রতিষ্ঠানের মধ্যে শতাধিক কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয়নি। তবে ১৩টি কোম্পানি ১০০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে। এই কোম্পানিগুলো প্রমাণ করেছে, প্রতিকূল বাজার পরিস্থিতিতেও তারা ধারাবাহিক মুনাফা অর্জন ও সর্বোচ্চ ডিভিডেন্ড বিতরণে সক্ষম, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।
সর্বোচ্চ ডিভিডেন্ডের ১৩টি কোম্পানির অধিকাংশই বহুজাতিক এবং মৌল ভিত্তির প্রতিষ্ঠান। তাদের স্থিতিশীল আয়, শক্তিশালী ব্যবস্থাপনা এবং বাজারের নেতৃত্বই এমন কঠিন সময়েও উচ্চ ডিভিডেন্ড বিতরণের প্রধান কারণ। যা বিনিয়োগকারীদের জন্য এক সুসংবাদ এবং বাজারে আশাবাদের মূর্ত প্রতীক।
শীর্ষে রয়েছে বহুজাতিক ভোক্তা পণ্যের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, যারা ২০২৪ সালে দিয়েছে চমকপ্রদ ৩৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উচ্চ ডিভিডেন্ড দিয়ে আসা এই কোম্পানি বিনিয়োগকারীদের কাছে নির্ভরতার নাম।
ভোক্তা পণ্যের দুই দিগন্ত: ইউনিলিভার ও ম্যারিকো
পরবর্তী অবস্থানে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, যারা দিয়েছে ৫২০ শতাংশ ক্যাশ এবং ম্যারিকো বাংলাদেশ, যাদের ডিভিডেন্ড ৪২০ শতাংশ। তারা কেবল মুনাফা করছে না, সেই মুনাফার বড় অংশ শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়মিতভাবে ভাগ করে নিচ্ছে।
