বাণিজ্যিক ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে-বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাণিজ্যিক ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের সঙ্গে জরুরি বৈঠক করছে। শেয়ারবাজারে অস্বস্তি কাটাতে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান। ৫২ মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজাররা এই জরুরি বৈঠকে অংশ নেবেন। সকাল ১১টায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএসইসি।
জানা গেছে, চলতি মাসের (আগস্ট) শুরু থেকে দেশের শেয়ারবাজারে সূচক বেশির ভাগ সময়ই কমেছে। ২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে ৯ কার্যদিবস ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ছয় দিনে। এই 6 দিনের পতনে ‘ডিএসই এক্স’ সূচক ৮৫ পয়েন্ট হারিয়েছে।
শুধু সূচকই কমেনি, চলতি মাসের শুরু থেকেই ডিএসইতে লেনদেনও কমেছে। আগস্টের প্রথম দুই দিনে এক্সচেঞ্জে যথাক্রমে ৫৪৬ কোটি ৪৫ লাখ ও ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর ডিএসইর টার্নওভার ৫০০ কোটি টাকার নিচে নেমে যায়। ৩ আগস্ট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েনি।
সূত্রের খবর, মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের কাছে শেয়ারবাজারে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে। তবে সম্প্রতি শেয়ারবাজারে বিনিয়োগে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে পুঁজিবাজারে স্বস্তি আনতে বিএসইসি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
