মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

বিক্রি বাড়লেও মুনাফায় ধস, লোকসানে বহুজাতিক কোম্পানি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসায় চাপ পড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কয়েকটি কোম্পানি লোকসানে গেছে, বেশিরভাগের মুনাফা কমেছে।

উচ্চ সুদের হার, টাকার অবমূল্যায়ন, কাঁচামাল ও জ্বালানির দাম, ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমা এবং রাজনৈতিক অনিশ্চয়তাকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেক কোম্পানির বিক্রি বাড়লেও ঋণের সুদ, বিনিময় ক্ষতি ও পরিচালন ব্যয় বাড়ায় মুনাফা কমেছে।

গ্রামীণফোনের নিট মুনাফা ৩৯ দশমিক ৬৫ শতাংশ কমে ৩২৭ কোটি ২১ লাখ টাকা হয়েছে। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৫৪২ কোটি ২৫ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় ৪ টাকা ২ পয়সা থেকে কমে ২ টাকা ৪২ পয়সা হয়েছে।

 

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা ২৪ দশমিক ২৫ শতাংশ কমে ১২ কোটি ৪৭ লাখ টাকা হয়েছে। কোম্পানির বিক্রি ৩ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৬২ কোটি ৯০ লাখ টাকা হয়েছে। শেয়ারপ্রতি আয় ৮ টাকা ৪৭ পয়সা থেকে কমে ৬ টাকা ৪২ পয়সা হয়েছে।

 

সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৬ কোটি ১৭ লাখ টাকা হয়েছে, গত বছর লোকসান ছিল ৩ কোটি ৫৭ লাখ টাকা। বিক্রি ৮ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৪৫১ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। শেয়ারপ্রতি লোকসান ৬২ পয়সা।

রাক সিরামিকসের লোকসান ৫ কোটি ২৫ লাখ টাকা থেকে বেড়ে ১৫ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। বিক্রি ১০ দশমিক ১৩ শতাংশ কমে ১৪৩ কোটি ১৭ লাখ টাকা হয়েছে। শেয়ারপ্রতি লোকসান ৩৬ পয়সা।

 

বার্জার পেইন্টসের মুনাফা ৫২ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯১ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে। গত বছর মুনাফা ছিল ৬০ কোটি ১২ লাখ টাকা। বিক্রি ৬৯১ কোটি ৭৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ১৯ টাকা ৭৯ পয়সা হয়েছে।

 

লাফার্জহোলসিম বাংলাদেশের মুনাফা ৩৭ দশমিক ৪০ শতাংশ কমে ৮৫ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। গত বছর মুনাফা ছিল ১৩৬ কোটি ৮৫ লাখ টাকা। বিক্রি ৫৮৯ কোটি ২৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ৭৪ পয়সা হয়েছে।

 

ম্যারিকো বাংলাদেশের মুনাফা ১৪ দশমিক ২৫ শতাংশ কমে ১০৬ কোটি ১৫ লাখ টাকা হয়েছে। গত বছর মুনাফা ছিল ১২৩ কোটি ৭৯ লাখ টাকা। বিক্রি ৪১৪ কোটি ৪৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ৩৩ টাকা ৬৭ পয়সা হয়েছে।

 

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা ৪০ দশমিক ৪৫ শতাংশ কমে ১০২ কোটি ৬২ লাখ টাকা হয়েছে। গত বছর মুনাফা ছিল ১৭২ কোটি ৩২ লাখ টাকা। বিক্রি ১ হাজার ৬ কোটি ২৭ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ১৮ টাকা ৯৯ পয়সা হয়েছে।

 

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস লোকসানে গেছে। কোম্পানির লোকসান ১৯ কোটি ১৩ লাখ টাকা, গত বছর একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ৯ লাখ টাকা। বিক্রি ২৯৬ কোটি ৭ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ৩৮ পয়সা।

 

রেকিট বেনকিজারের মুনাফা ৬ দশমিক ১৭ শতাংশ কমে ২৫ কোটি ১৫ লাখ টাকা হয়েছে। বিক্রি ১৪৬ কোটি ২৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ৫ টাকা ৩২ পয়সা হয়েছে। লিন্ডে বাংলাদেশের মুনাফা ৯ কোটি ৪৩ লাখ টাকা থেকে বেড়ে ১০ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে।

 

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সুদের হার কমলে ও জ্বালানি সরবরাহ ভালো হলে আগামী প্রান্তিকে অবস্থার উন্নতি হতে পারে। না হলে এ চাপ অব্যাহত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, উচ্চ সুদের হার ও টাকার অবমূল্যায়ন বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফার ওপর চাপ ফেলেছে। তাদের বিক্রি বেড়েছে কিন্তু মুনাফা কমেছে, যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *