× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
আন্তর্জাতিক শেয়ারবাজার

বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ডে বিএসইসির নিয়ম শিথিল

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধে বিলম্বের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য নিয়ম শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে দ্বৈত কর পরিহার সনদ (ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স বা ডিটিএ সনদ) সংগ্রহের প্রক্রিয়াগত জটিলতার কারণে ডিভিডেন্ড দিতে দেরি হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আর বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, এনবিআরের কাছ থেকে প্রয়োজনীয় ডিটিএ সনদ পাওয়ার ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে সনদ সংগ্রহের বৈধ প্রক্রিয়াগত জটিলতার কারণে নির্ধারিত সময়ে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলে সেটিকে নিয়ন্ত্রক বিধির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে না।

এ লক্ষ্যে ২০২১ ও ২০২৪ সালে জারি করা দুটি বিদ্যমান নির্দেশনায় সংশোধনী এনেছে বিএসইসি। সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে কমিশনের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এনবিআর থেকে কর অব্যাহতি বা দ্বৈত কর পরিহারসংক্রান্ত সনদ সংগ্রহে বিলম্ব ও প্রশাসনিক জটিলতার কারণে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের সময়মতো ডিভিডেন্ড দিতে সমস্যায় পড়ছিল। এসব জটিলতা বিবেচনায় নিয়েই নিয়ম শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত নির্দেশনায় ডিভিডেন্ড বিতরণ-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন হওয়ার সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিগুলোকে বিএসইসি ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে প্রতিবেদনটি নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

অন্যদিকে বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধ সম্পন্ন হওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে কমিশন ও স্টক এক্সচেঞ্জে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে। নতুন নির্দেশনার ফলে ডিটিএ সনদ সংগ্রহের বৈধ প্রক্রিয়াগত বিলম্বের কারণে ডিভিডেন্ড পরিশোধে দেরি হলে সেটি এককভাবে বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *