বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগ সহজ করতে বিডা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিনিয়োগ প্রক্রিয়া সহজ এবং বিদেশি পেশাজীবীদের জন্য কাজের পরিবেশ মসৃণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বুধবার (১৬ অক্টোবর) আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিডার বহুমুখী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
আশিক চৌধুরী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব অনেক দূর এগিয়েছে। বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য একটি স্বাগতপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের যৌথ দায়িত্ব।”
সেবা ডিজিটাল করার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ওয়ার্ক পারমিট ইকোসিস্টেমের একটি বড় অংশ ডিজিটাল করেছি, যার মধ্যে রয়েছে বিডার ওয়ার্ক পারমিট সেবা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “বর্তমানে আমরা ইমিগ্রেশন অধিদপ্তরের সঙ্গে অংশীদারিত্বে ভিসা আবেদন প্রক্রিয়াটিও ডিজিটাল করার কাজ করছি।”
Space for ads
বিনিয়োগকারীদের জন্য সব সংস্থায় একই রকম সেবা নিশ্চিতের ওপর জোর দিয়ে বিডা চেয়ারম্যান যোগ করেন, “বিনিয়োগকারীরা যেন সব প্রতিষ্ঠানে একটি সমন্বিত ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। যখন কোনো বিনিয়োগকারী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, তখন বিডা, বেজা বা অন্য কোনো বিনিয়োগ প্রচার সংস্থার প্রক্রিয়ায় অযৌক্তিক তারতম্য থাকা উচিত নয়।”
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, “বিডার ঘনিষ্ঠ সহযোগিতায় আমরা নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে স্থানান্তর করতে পেরেছি। বর্তমানে আমরা পাসপোর্ট ও সংশ্লিষ্ট সেবাগুলোকেও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজ করছি।”
সেবার মান উন্নত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো নিয়মিত জানানোর আহ্বান জানান বিডার মহাপরিচালক (আন্তর্জাতিক বিনিয়োগ প্রচার) মো. আরিফুল হক।
সভায় জানানো হয়, বিডা কর্তৃক ইস্যুকৃত নতুন ওয়ার্ক পারমিটের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া ২০২৫ সালের ১ অক্টোবর থেকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক হবে। বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী কর্মীদের বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের (bidaquickserv.org) মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার ২১ কর্মদিবসের মধ্যে কোনো আপত্তি না উঠলে সেই ছাড়পত্র অনুমোদিত বলে গণ্য হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন জমা দিতে ব্যর্থ হলে ওয়ার্ক পারমিটটি বাতিল বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *