শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বে লিজিংয়ে নেতৃত্ব পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে লোকসানে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে (বিএলআই) নতুন নেতৃত্বের ইঙ্গিত মিলছে। ব্যবসায়ী রায়হান কবির কোম্পানিটির আরও শেয়ার কিনে নিজের অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
গত ২৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় তিনি জানিয়েছেন, কোম্পানির অতিরিক্ত ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে তার। ঘোষণার পরদিন শেয়ারের দাম ৮.১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ টাকায়।
বর্তমানে রায়হান কবির বে লিজিংয়ের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি ১৩ লাখ ২৬ হাজার শেয়ারের মালিক। নতুন করে শেয়ার কেনার পর তার মোট শেয়ার হবে ২৮ লাখ ২৬ হাজার, যা কোম্পানির ২ শতাংশ মালিকানার সমান। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়। বাজার বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের মাধ্যমে তিনি কোম্পানির পরিচালক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদে আসীন হওয়ার চেষ্টা করছেন।ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন রায়হান কবিরের মা সুরাইয়া বেগমের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হয়েছে। যদিও তিনি এখনো ৩৩ লাখ ৭৩ হাজার শেয়ারের মালিক, তবে আর পরিচালক পদে নেই। তার বাবা আলমগীর কবির একসময় ১,৮৮৪টি শেয়ারের মালিক ছিলেন, যা পরবর্তীতে বিক্রি করেন। বর্তমানে কোম্পানিতে চেয়ারম্যান পদ শূন্য, যেখানে একজন শেয়ারহোল্ডার পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালন করছেন।
অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, রায়হান কবির ইচ্ছাকৃতভাবে বোর্ড মিটিং ও চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছেন, যাতে নিজের নেতৃত্ব নিশ্চিত করতে পারেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি স্পন্সর হিসেবে আমার শেয়ারের পরিমাণ বাড়াচ্ছি। এখনই পরিচালক হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বর্তমান বোর্ড যদি আমন্ত্রণ জানায়, তখন বিষয়টি বিবেচনা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *