বুধবার, জুন ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে এ সভা আয়োজন করা হয়।
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী ও ব্যালেন্স শিট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
এজিএমে ভার্চুয়ালি অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির, পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম, এম. আমানউল্লাহ, আলহাজ মোশাররফ হোসেন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক নাসরিন সুলতানা, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল, কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিম, উদ্যোক্তা, শেয়ারধারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় চেয়ারম্যান মো. আনোয়ারুল হক বলেন, ২০২৫ সালের অর্জন গ্রাহকদের আস্থা, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘমেয়াদে শেয়ারধারীদের স্বার্থ সুরক্ষায় আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান তার বক্তব্যে ২০২৫ সালের ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ২০২৬ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের পাশাপাশি খেলাপি ঋণ আরও কমিয়ে আনার লক্ষ্যে ব্যাংক কাজ করছে। একই সঙ্গে নগদবিহীন ব্যাংকিং ব্যবস্থা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন কৌশল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ভাবনী ও বহুমাত্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক ভবিষ্যতেও গুরুত্ব দেবে।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা।
এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও শাহ মো. সোহেল খুরশীদ, জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মো. আব্দুল আউয়ালসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *