অভিজ্ঞ শেয়ারহোল্ডারদের বিনিয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান ব্যবস্থাপনা পরিচালকের
পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ শেয়ারহোল্ডারদের বিনিয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক মো. এটিএম তারিকুজ্জামান
তিনি বলেন, বিনিয়োগে মূলধন, মুনাফা ও সিদ্ধান্ত গ্রহণ বিনিয়োগ শিক্ষার প্রধান বিষয়। পুঁজিবাজার সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের বাজারে বিনিয়োগ চালিয়ে যেতে হবে এবং বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতে হবে।
আজ (১৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমিতে নারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
ডিএসইর এমডি বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগের লক্ষ্যে ঝুঁকি ও সুবিধা মূল্যায়ন করে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
এর আগে প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী এবং ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান পুঁজিবাজার এবং এর বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি, মৌলিক বিনিয়োগ কৌশল এবং বিনিয়োগ শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
