মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দরবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেনের কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্ভাব্য কারসাজি, অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে লেনদেনসহ (ইনসাইডার ট্রেডিং) সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির সার্ভিল্যান্স বিভাগ থেকে ডিএসইকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় শেয়ারটির অস্বাভাবিক দর ও লেনদেন বৃদ্ধির কারণ অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট বিনিয়োগকারী, ব্রোকারেজ প্রতিষ্ঠান ও অনুমোদিত প্রতিনিধিদের কার্যক্রমও খতিয়ে দেখতে বলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, সায়হাম টেক্সটাইলের শেয়ারের দাম ও লেনদেনে কমিশন অস্বাভাবিকতা দেখতে পেয়েছে। বিষয়টি স্বাভাবিক মনে না হওয়ায় প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসইর বাজারতথ্য অনুযায়ী, গত ৮ জুন সায়হাম টেক্সটাইলের শেয়ারের দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। ২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ২০ পয়সায়। অর্থাৎ প্রায় তিন মাসের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৪০ পয়সা বা ১১৪ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। অবশ্য পরবর্তী সময়ে শেয়ারটির দর কিছুটা কমেছে।

বিএসইসির নির্দেশনায় সায়হাম টেক্সটাইলের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিতভাবে কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে অভ্যন্তরীণ লেনদেন হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন-সংক্রান্ত বিধান এবং বিএসইসির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে। সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের কোনো ধরনের ব্যর্থতা বা দায় ছিল কি না, সেটিও তদন্ত করতে বলা হয়েছে।

এর পাশাপাশি সিকিউরিটিজ আইনের অন্য কোনো বিধান লঙ্ঘিত হয়েছে কি না, তা যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *