সূচক কমলেও শেয়ারবাজারে লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দর কমেছে। তবে টাকার অঙ্কে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ কমেছে ১৬ দশমিক ১৫ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। অন্য দুটি সূচকের মধ্যে, ‘ডিএস ৩০’ ৫.৪৩ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ১.৯৫ পয়েন্ট কমেছে।
সব সূচক কমে গেলেও ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে। আজ এ এক্সচেঞ্জে ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। আগের কার্যদিবসে (রোববার) ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। দাম কমেছে ১৪২টি। বিপরীতে আজ বেড়েছে মাত্র ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
অপর বাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ‘সিএএসপিআই’ আজ ৪৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৫৪টি কোম্পানির ১০ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৪৮২ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়।
