সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল, বকেয়া দ্রুত নিষ্পত্তি নির্দেশসোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল, বকেয়া দ্রুত নিষ্পত্তি নির্দেশ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ট্রেক বিধিমালা, ২০২০-এর নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণে শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেক নম্বর ২৬১ বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিধিমালার ৩(২)(গ) ধারার লঙ্ঘনের প্রেক্ষিতে ৭(৩) ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী ও গ্রাহকদের নিজ নিজ হিসাবের নগদ অর্থ ও সিকিউরিটিজ ব্যালেন্স যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে কোনো বকেয়া লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, সোনালী সিকিউরিটিজের বিরুদ্ধে কারও কোনো দাবি, অভিযোগ বা পাওনা থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসই। সংশ্লিষ্ট বিনিয়োগকারী, গ্রাহক বা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন ২১ মে ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
