পুঁজিবাজারকে শক্তিশালী না করে কোনো দেশ শিল্পায়নের পথে এগোতে পারে না’ এনবিআর চেয়ারম্যান
পুঁজিবাজারকে ‘জুয়ার বাজার’ হিসেবে দেখার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ শক্তিশালী পুঁজিবাজার ছাড়া শিল্পায়নে যেতে পারেনি। বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লবের সময় পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা এসেছে, যেখানে সাধারণ মানুষ ছোট ছোট অঙ্কের পুঁজি বিনিয়োগ করে বড় শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে তোলে। কিন্তু বাংলাদেশে সেই ধারণা অনুযায়ী পুঁজিবাজারকে শক্তিশালী করা সম্ভব হয়নি।
নতুন সরকারের জন্য পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে গত রোববার পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সেমিনার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাংকের আমানত সাধারণত স্বল্পমেয়াদি হলেও শিল্প প্রতিষ্ঠানের অর্থায়ন দীর্ঘমেয়াদি। ফলে ব্যাংক থেকে দীর্ঘ সময়ের জন্য শিল্পকে সমর্থন দেওয়া কঠিন। অন্যদিকে পুঁজিবাজার থেকে ইকুইটির মাধ্যমে অর্থ সংগ্রহ করলে সেই অর্থ ফেরত দিতে হয় না, কোম্পানি লাভ করলে বিনিয়োগকারীরা লভ্যাংশ পান। তিনি আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় আসেন। তাই এখানে কেবল সেইসব কোম্পানির তালিকাভুক্ত হওয়া উচিত, যাদের দীর্ঘমেয়াদি লাভের সক্ষমতা ও সুস্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, অতীতে অনেক কোম্পানি তালিকাভুক্ত হলেও তারা প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে পারেনি। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পুঁজিবাজারকে শক্তিশালী না করে কোনো দেশ শিল্পায়নের পথে এগোতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিকাশের জন্য পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে আইনের অভাব নেই, সমস্যা হচ্ছে বাস্তবায়নে।
মিউচুয়াল ফান্ড খাতের দুর্বলতার কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, তাত্ত্বিকভাবে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা সবচেয়ে দক্ষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সেগুলোর পারফরম্যান্সই সবচেয়ে খারাপ।
তিনি বলেন, আইন ও বিধিমালা থাকা সত্ত্বেও যারা অনিয়ম করে সাধারণ মানুষকে প্রতারিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেই বড় ঘাটতি রয়েছে। সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ফেরাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ বাড়ানোর দায়িত্ব মাথায় রেখেই কাজ করে। তবে একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন। আগে অনেক প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায়নি, এই অভিজ্ঞতাটিও মনে রাখতে হবে বলেন এনবিআর চেয়ারম্যান
