× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
আন্তর্জাতিক শেয়ারবাজার

৯ বছরে বিদেশিদের ১০ হাজার কোটি টাকা শেয়ার বিক্রি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমছে। নতুন করে বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে বিদ্যমান পুঁজি তুলে নেওয়ার দিকেই ঝুঁকছেন তারা।

গত প্রায় ৯ বছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার তুলনায় ৪৬ শতাংশ বেশি বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাবে, এ সময়ে তাদের নিট বিক্রির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। ফ্লোর প্রাইস আরোপের পর বিদেশিদের শেয়ার বিক্রির প্রবণতা আরও জোরালো হয়।

পরবর্তী সময়ে এ ব্যবস্থা তুলে নেওয়া হলেও বাজারের প্রতি তাদের আস্থার ঘাটতি কাটেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি।

 

বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করে যাওয়ার প্রভাব শুধু তাদের নিজস্ব বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে দেশের শেয়ারবাজারে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিদেশিদের বাজার ছাড়ার প্রবণতা স্থানীয় বিনিয়োগকারীদের মনোভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

 

তাদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ একটি শেয়ারবাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভালো মৌলভিত্তির কোম্পানিতে তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাজারে তারল্য বাড়াতে সহায়তা করে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশের শেয়ারবাজারের গ্রহণযোগ্যতা তৈরিতেও ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় ধরে বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা থাকায় বাজারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এখন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি যারা বিনিয়োগ ধরে রেখেছেন, তাদের আস্থা ফেরানোও জরুরি হয়ে পড়েছে।

 

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে চলতি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। একই সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ এই সময়ে কেনার তুলনায় ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা। কেনার তুলনায় বিক্রির পরিমাণ প্রায় ৪৬ শতাংশ বেশি।

 

বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অবশ্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের নিয়মে শিথিলতা আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে।

 

 

 

 

 

 

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ আনা ও মুনাফাসহ অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করতে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশিদের বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য অনবোর্ডিং পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

 

তবে এসব উদ্যোগের মধ্যেও বিদেশিদের শেয়ার বিক্রির ধারায় স্থায়ী পরিবর্তন আসেনি। ডিএসইর পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছরে বিদেশি বিনিয়োগকারীরা ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার। ফলে ওই পাঁচ বছরে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ এই সময়েই বিদেশিদের শেয়ার বিক্রির বড় চাপ তৈরি হয়েছিল।

 

এরপর ২০২৩ সালে চিত্রে কিছুটা পরিবর্তন দেখা যায়। ওই বছর বিদেশি বিনিয়োগকারীরা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনেন। বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। ফলে ওই বছর ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার নিট কিনেছিলেন তারা। দীর্ঘ সময় পর বিদেশিরা নিট বিক্রেতার পরিবর্তে নিট ক্রেতায় পরিণত হলেও সেই ধারা পরবর্তী সময়ে ধরে রাখা সম্ভব হয়নি।স্ট

 

 

২০২৪ সালে বিদেশিরা ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। এতে ওই বছর তাদের নিট বিক্রি দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনেন তারা। অন্যদিকে বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। ফলে ওই বছর নিট বিক্রির পরিমাণ ছিল ২৭০ কোটি ২৭ লাখ টাকা।

n

 

 

 

চলতি বছর আবারও বিদেশিদের শেয়ার বিক্রির চাপ বেড়েছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে তারা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। একই সময়ে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার। এতে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালের দুই বছরে বিদেশিদের মোট নিট বিক্রির পরিমাণের তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসেই তাদের বিক্রি কয়েক গুণ বেশি হয়েছে।

 

বিদেশিদের আস্থা হারানোর পেছনে ফ্লোর প্রাইস ব্যবস্থার ভূমিকা বুঝতে হলে এর পটভূমিও গুরুত্বপূর্ণ। করোনার প্রভাবে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো ফ্লোর প্রাইস চালু করে বিএসইসি। এ ব্যবস্থায় প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর নির্ধারণ করে দেওয়া হয়। ফলে কোনো শেয়ারের বাজারদর নির্ধারিত সীমার নিচে নামতে পারত না। বাজারে ক্রেতা না থাকলেও বিক্রেতারা ওই দরের নিচে শেয়ার বিক্রি করতে পারতেন না। এতে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনের সময় শেয়ার বিক্রি করে বেরিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

 

 

 

পরবর্তী সময়ে ২০২১ সালের জুনে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির আশঙ্কায় ২০২২ সালের ২৮ জুলাই আবারও এ ব্যবস্থা চালু করা হয়। দ্বিতীয় দফায় আরোপের পর কয়েক ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৮ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার থেকে এ সীমা তুলে নেওয়ার মধ্য দিয়ে পুরো বাজার ফ্লোর প্রাইস মুক্ত হয়।

 

তবে ফ্লোর প্রাইসের অবসান ঘটলেও বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের অন্য কারণগুলো এখনো রয়ে গেছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। অন্যদিকে চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নতুন করে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতেও পড়েছে, তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক অনিশ্চয়তা। ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরও বিদেশিদের বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি।

 

এদিকে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের ধরনও স্থানীয় বিনিয়োগকারীদের চেয়ে কিছুটা আলাদা। তারা সাধারণত নিজ দেশের তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা ব্রোকারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করেন। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি বাংলাদেশের কোনো ব্রোকারেজ হাউজের সঙ্গে যোগাযোগ না করে নিজেদের দেশের ব্রোকারকে শেয়ার কেনাবেচার নির্দেশ দেন। পরে ওই ব্রোকার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন করে। অর্থাৎ বিদেশিদের শেয়ার লেনদেনের পুরো প্রক্রিয়াটি নিজ দেশের ব্রোকার ও বাংলাদেশের ব্রোকারেজ হাউজের সমন্বয়ে সম্পন্ন হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *