পুঁজিবাজারে গত সাপ্তাহের দর বৃদ্ধিতে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য
গত সপ্তাহে (৮-১২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে শীর্ষ দশ লাভবান বা সর্বোচ্চ মূল্যবৃদ্ধির তালিকায় আটটি কোম্পানি রয়েছে পুঁজিবাজারের ‘বি’ ক্যাটাগরিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার লিমিটেড। শেষ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.১৫ শতাংশ। সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ শেয়ার।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১৫.৬৯ শতাংশ। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আর ১৩ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকাভুক্ত অন্যান্য কোম্পানিগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ১১.২৯ শতাংশ, ন্যাশনাল টি ১১.১৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ১০.৮১ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৯.৬৩ শতাংশ, ফু ওয়াং ফুড ৯ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৮.৮৭ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৮.২৩ শতাংশ বেড়েছে।
