আইপিওর খরা কাটছে, কয়েক মাসে আসতে পারে ২-৩ বিদেশি কোম্পানি: বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজারে আইপিওর খরা কাটার আভাস দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, দেশি-বিদেশি বেশ কয়েকটি কোম্পানি বাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে ২-৩টি বিদেশি কোম্পানির বাজারে আসার ঘোষণা আসতে পারে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ খান বলেন, দীর্ঘদিন আইপিও অনুমোদনে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগলেও নতুন ব্যবস্থায় তিন মাসের মধ্যে আইপিও অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরাসরি তালিকাভুক্তির নিয়ম সহজ ও শক্তিশালী কোম্পানির জন্য আরও কার্যকর করা হয়েছে।
তিনি জানান, পুঁজিবাজারের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা, ব্রোকারদের ব্যাক অফিস সফটওয়্যার একীভূত করা এবং লেনদেন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনিয়ম ও প্রতারণার সুযোগ কমবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বন্ড বাজার সক্রিয় করা, ডেরিভেটিভস চালু এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার লক্ষ্য রয়েছে।
