পুঁজিবাজারে দর বৃদ্ধিতে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধিতে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তাদের ৬৫ শতাংশই বীমা কোম্পানি। আর দাম বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর ৮০ শতাংশই বীমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইতে ৫৫টি বীমা কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে এ খাতের ৯টি কোম্পানি। এদিন সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর। একদিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম আজ ৯ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
আজ ডিএসইতে অন্যান্য শীর্ষ লাভকারীরা হল ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নেটল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।
