অগ্রণী ব্যাংকে বড় জালিয়াতি, দুই বছরে খোয়া গেছে ৬১ কোটি টাকা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও ভল্টের নগদ টাকার ঘাটতির একের পর এক ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরে ব্যাংকটির চারটি শাখায় প্রায় ৬১ কোটি টাকার গরমিল ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া ঢাকার রমনা করপোরেট শাখার একটি লকার থেকে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। কোথাও ভুয়া হিসাব ও লেনদেনের মাধ্যমে অর্থ সরানো হয়েছে, আবার কোথাও ভল্টের নগদ টাকা গণনায় বড় ধরনের ঘাটতি ধরা পড়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নিরীক্ষা এবং ঊর্ধ্বতন পর্যায়ের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
সৈয়দপুর শাখায় ৪৩ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ
ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর শাখায় প্রায় ৪৩ কোটি টাকা স্থানান্তরের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সহকর্মীদের পরিচয়পত্র ও গোপন সংকেত ব্যবহার করে তিনি নিজের এবং কয়েকটি সন্দেহজনক হিসাবে অর্থ স্থানান্তর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর বাস টার্মিনাল এলাকার ইসলামী ব্যাংকিং উইন্ডোর একটি হিসাব থেকে প্রায় ১৫ কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিলুফার আক্তার ও রোদেলা আক্তারের নামে খোলা দুটি হিসাবে আরটিজিএসের মাধ্যমে যথাক্রমে ৭ কোটি ২৭ লাখ ও ৪ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তরের তথ্য রয়েছে। এসব হিসাবের জাতীয় পরিচয়পত্র, মুঠোফোন নম্বর ও অন্যান্য নথিতে অসংগতি পাওয়া গেছে।
ঘটনার পর থেকে তমাল কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে এবং বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর কার্যালয়কে জানিয়েছে।
লালদীঘি শাখায় প্রায় ৫ কোটি টাকার ঘাটতি
চট্টগ্রামের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় প্রায় ৫ কোটি টাকার নগদ ঘাটতির তথ্য পাওয়া গেছে। এর আগে ওই শাখার ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতির বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় শাখার সিনিয়র অফিসার কামরুল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংকের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অর্থের ঘাটতির প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।
কাশিনাথপুর ও ছেংগারচরে ভল্টে অর্থের গরমিল
২০২৪ সালের এপ্রিলে পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, প্রিন্সিপ্যাল অফিসার আবু জাফর ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
ব্যাংকের রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক কার্যালয়ের পাঁচ সদস্যের নিরীক্ষা দল আকস্মিক পরিদর্শনে গিয়ে এই আর্থিক গরমিল শনাক্ত করে।
একই বছরের সেপ্টেম্বরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাখার ভল্টে ৭৫ লাখ ২০ হাজার টাকার ঘাটতি ধরা পড়ে। ব্যাংকের হিসাবে ভল্টে ১ কোটি ২ লাখ ৯৯ হাজার ৬৮ টাকা থাকার কথা থাকলেও গণনায় পাওয়া যায় মাত্র ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা। এ ঘটনায় ক্যাশ কর্মকর্তা দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা হয়।
শ্রীনগরে ৩১৫ গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা
অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, নিয়ম মেনে টাকা জমা রাখলেও তাঁদের অনেকের হিসাবের অস্তিত্ব এখন পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন জমা রাখা গ্রাহকেরা।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে ৯১ জন গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। সংস্থাটির ধারণা, ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।
ভুয়া স্থায়ী আমানত (এফডিআর), জাল চেক, ভুয়া জমার রসিদ তৈরি এবং ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের মাধ্যমে এসব অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রথমে ৪ অক্টোবর ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ অক্টোবর আরও পাঁচজনকে গ্রেপ্তার করে দুদক। তাঁরা হলেন ক্যাশ কর্মকর্তা মো. জিন্নাহ হোসেন, সাবেক ব্যবস্থাপক রেজাউল হক ও মো. শরীফ উদ্দীন এবং নিরাপত্তাকর্মী রঞ্জু আহম্মেদ ও আব্দুল হাই। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
গত ৮ নভেম্বর আমানতের অর্থ ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী সাত দফা দাবি তুলে ধরেন। তিনি জানান, তাঁর নিজেরও ১৫ লাখ টাকা জমা রয়েছে।
অন্যদিকে, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছেন, প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে এর আগে জমার সত্যতা যাচাই করা হবে।
তদারকি ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন, বিভিন্ন ঘটনার তদন্ত চলছে। তদন্তে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকদের অর্থ উদ্ধার করে ফেরত দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সৈয়দপুর শাখার বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য ঘটনার বিষয়ে অগ্রণী ব্যাংকের কাছে গৃহীত ব্যবস্থার তথ্য চাওয়া হয়েছে।
একাধিক শাখায় বড় অঙ্কের অর্থের গরমিল ও জালিয়াতির অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, নিরীক্ষা এবং ঊর্ধ্বতন পর্যায়ের নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গ্রাহকের আমানত সুরক্ষা এবং ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
