বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

দুই ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৬ জুন) কমিশনের ৮৭৩তম সভায় বন্ড দুটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রাইম ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, ফুল রিডিমবল অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-কনভার্টিবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। এই হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টেমন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজকের সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং ৩০ কোটি টাকা প্রাথমিক প্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। এই হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে ২৭০ কোটি টাকার ইউনিট বরাদ্দ করা হবে। আর ৩০ কোটি টাকার ইউনিট বরাদ্দ করা হবে আইপিওর মাধ্যমে। বন্ডটিরে প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর এর আন্ডারাইটারের দায়িত্বে থাকবে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *