মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে পুঁজিবাজারসহ সব জায়গায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। এছাড়া পুঁজিবাজারে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।

সোমবার (২৮ আগস্ট) ডিএসই ট্রেনিং একাডেমিতে নারী বিনিয়োগকারীদের জন্য আয়োজিত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিএসইসি কমিশনার বলেন, ডিএসই বিনিয়োগকারীদের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। আজকের কর্মশালার আয়োজন শুধুমাত্র মহিলাদের জন্য। এর প্রধান কারণ হল, পুঁজিবাজারে বেশিরভাগ নারী বিনিয়োগকারী তাদের বিও অ্যাকাউন্ট নিজেরাই পরিচালনা করেন না। তার পুরুষ আত্মীয়রা তাদের পক্ষে সেই বিও অ্যাকাউন্ট পরিচালনা করে। নারীরা তাদের নিজস্ব হিসাব পরিচালনা না করলে স্বাবলম্বী হতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নারী নানা কারণে কাজ বা ব্যবসা করতে পারেন না। কিন্তু যাদের অলস অর্থ (আইডল মানি) আছে তারা জেনেশুনে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। আর এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

তিনি নারীদের পুঁজিবাজারে এসে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানান।

নারী বিনিয়োগকারীদের জন্য আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *