বসুন্ধরায় চালু হলো স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন শাখা
ঢাকা, ৫ অক্টোবর ২০২৫: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাজধানীর দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকা
বসুন্ধরায় নতুন শাখার উদ্বোধন করেছে। নতুন এ শাখাটি এবিজি টাওয়ার, লেভেল–২, প্লট ৪৪০–৪৪২, রোড–১৮, ব্লক–এ,
বসুন্ধরা আর/এ-তে অবস্থিত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় নতুন এই শাখার উদ্বোধন করেন। এ
সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং, লুৎফুল হাবিব;
হেড অব ক্লায়েন্ট রিলেশনশিপস, সানিয়াত রহমান; এবং বসুন্ধরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এনাবুল করিম-সহ
ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যাংকটির প্রাইওরিটি ব্যাংকিং, পার্সোনাল ব্যাংকিং ও এমপ্লয়ি
ব্যাংকিং এর সম্মানিত গ্রাহক ছাড়াও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এভারকেয়ার হসপিটালস, গ্রামীণফোন এবং
বসুন্ধরা গ্রুপ-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, “বসুন্ধরা আবাসিক এলাকা বর্তমানে রাজধানীর একটি প্রাণবন্ত
কেন্দ্রে পরিণত হয়েছে। যেখানে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান, আধুনিক শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং
অসংখ্য পরিবারের বাসস্থান গড়ে উঠেছে। বসুন্ধরায় নতুন শাখা উদ্বোধনের উদ্দেশ্য কেবল ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা
বাড়ানো নয়; বরং এই গতিশীল এলাকার মানুষ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছে
দেওয়াই আমাদের অঙ্গীকার। আমরা প্রাইওরিটি ও পার্সোনাল ব্যাংকিং থেকে শুরু করে এমপ্লয়ি ব্যাংকিং সেবার মাধ্যমে
গ্রাহক, তাদের পরিবার এবং প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য অর্জনে বিশ্বস্ত অংশীদার হয়ে পাশে থাকতে চাই।“
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি ও সিএফও, মো. জিয়াউল আলম; এভারকেয়ার
হসপিটালস-এর সিএফও, মাইনুর রহমান ভূঁইয়া, এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড (বসুন্ধরা
গ্রুপ-এর একটি প্রতিষ্ঠান)-এর নির্বাহী পরিচালক, মো. তৌহিদুল ইসলাম। তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন,
বসুন্ধরা আবাসিক এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড নতুন শাখাটি পুরো এলাকার বাসিন্দা ও কমিউনিটিকে উপকৃত করবে।
এই এলাকা হাজার হাজার পরিবার, শিক্ষার্থী, পেশাজীবী এবং ব্যবসায়ের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, এবং এখন তারা
আরও সহজে বিশ্বমানের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বসুন্ধরা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এই
পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে, নতুন এই শাখা এখানকার মানুষদের কাছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নির্ভরযোগ্য আর্থিক
সেবা পৌঁছে দেবে। এছাড়া, শাখাটির আধুনিক সাজসজ্জা, উন্নত সুবিধা এবং গ্রাহকবান্ধব পরিবেশ একটি ঝামেলামুক্ত ও
নিরবচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
নতুন এই শাখা চালুর মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের ১২০ বছরের ঐতিহ্য এবং দেশের অর্থনীতিতে
তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।
