সোমবার, নভেম্বর ২, ২০২৬
আজকের সংবাদ

মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে তৃতীয় দিনের শ্রমিক বিক্ষোভ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

 

 

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা আজও সড়কে নামার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশের কর্মকর্তারা মাঠে রয়েছেন।

 

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন রোববার প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। ওই দিন শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কে নেমে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারীরা সরে যেতে বাধ্য হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যেতে চাইলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।

 

 

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বলেন, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে সোমবার সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। তারা মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যান। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *