রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
বীমা

গ্রীন ডেল্টার চেয়ারম্যান ও ভাইস চেয়ারপারসন নির্বাচন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারপারসন নির্বাচন হয়েছে। সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন আবুল হাসান চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন দিলরুবা চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে। তিনি ১৯৫১ সালের এপ্রিল মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। আবুল হাসান চৌধুরী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের পাশাপাশি একজন স্বাধীন পরিচালক।

ভাইস চেয়ারপারসন নির্বাচিত হওয়া দিলরুবা চৌধুরী রিজেন্ট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পরে তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে ফিনান্স এবং ফ্রেঞ্চ বিষয়ে ডাবল মেজর ডিগ্রি লাভ করেন। দিলরুবা চৌধুরী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক। এছাড়া তিনি টাইগার ট্যুরস লিমিটেড কোম্পানির স্থায়ী সদস্য।

প্রসঙ্গত, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। গ্রীন ডেল্টা বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির পরিশোধিত মূলধন ১০০ কোটি ২০ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *