মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
বীমা

শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির মেরিন কার্গো কার্যক্রম স্থগিত

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : নির্ধারিত আইন ও ট্যারিফ রেট অমান্য করে কম দামে (undercutting) বিমা সুবিধা দেওয়ার অভিযোগে শেয়ারবাজারের অন্যতম দুই শীর্ষ বিমা প্রতিষ্ঠান—গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি)-এর মেরিন কার্গো বিমা কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

একই সঙ্গে কেন তাদের মেরিন (কার্গো) সাব-ক্লাসের নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (Show-cause) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে উভয় প্রতিষ্ঠানকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর কোম্পানি দুটির প্রধান কার্যালয়ে আইডিআরএ-র একটি তদারকি দল সরেজমিনে পরিদর্শন পরিচালনা করে। সেখানে দেখা যায়, ২০২৬ সাল জুড়ে প্রতিষ্ঠান দুটি আইনের বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু গ্রাহককে নির্ধারিত হারের চেয়ে অনেক কম প্রিমিয়ামে অবৈধ সুবিধা দিয়েছে। এর পরদিনই আইডিআরএ থেকে এই চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়।

আইডিআরএ-র জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ট্যারিফের বাইরে গিয়ে এভাবে অন্যায্য ছাড় বা ইচ্ছামতো প্রিমিয়াম কমানো বিমা আইন ও নিয়ন্ত্রক সংস্থার সার্কুলারের স্পষ্ট লঙ্ঘন। বিমা খাতের আর্থিক স্থায়িত্ব বজায় রাখতে এবং বাজারে ক্ষতিকর বা ধ্বংসাত্মক প্রতিযোগিতা রোধ করতে সব নন-লাইফ বিমা কোম্পানিকে সমান ও নির্ধারিত হারে প্রিমিয়াম আদায় করতে হবে।

বর্তমানে আইডিআরএ-র সেন্ট্রাল রেটিং কমিটি কর্তৃক নির্ধারিত মেরিন বিমার ন্যূনতম প্রিমিয়াম হার হলো মোট চালান মূল্যের (Shipment Value) ০.৩০ শতাংশ।

এই বিষয়ে আইডিআরএ-র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “প্রতিষ্ঠান দুটি নিয়মকানুন ভালোভাবে জানা সত্ত্বেও সচেতনভাবে তা লঙ্ঘন করেছে। ট্যারিফ হার প্রতিযোগিতামূলক মনে না হলে তারা নন-ট্যারিফ ব্যবস্থার আবেদন জানাতে পারত। কিন্তু জেনে-বুঝে আইন লঙ্ঘন করা এক ধরনের অপরাধ। তাই আলাদা করে শুনানির কোনো প্রয়োজন নেই।”

গ্রাহকদের ভোগান্তি প্রসঙ্গে তিনি যোগ করেন, “যেহেতু কোম্পানিগুলো নিজেরাই আইন ভঙ্গ করেছে, তাই গ্রাহকদের সুরক্ষার দায়ভারও তাদেরই নিতে হবে।” ভবিষ্যতে যাতে প্রিমিয়াম কারচুপির কোনো সুযোগ না থাকে, সে জন্য আইডিআরএ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কাস্টমসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *