৯ এনবিএফআইয়ের আমানত ফেরাতে ২৭০৬ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : অনিয়ম ও ঋণ জালিয়াতিতে সংকটে পড়া নয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ অর্থ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি আমানত পরিশোধ কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ কাঠামো অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ফেরতের হার কমবে।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নয়টি সংকটাপন্ন ফাইন্যান্স কোম্পানিকে রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটি বাদে চারটি প্রতিষ্ঠানকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। এগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।
চার প্রতিষ্ঠানের জন্য জরুরি ১ হাজার ৪৪৯ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজল্যুশনের আওতায় আসা চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ১ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ, প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য ১৯০ কোটি ১৩ লাখ, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি ৩৫ লাখ এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। এ প্রতিষ্ঠানের জন্য ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য প্রয়োজন ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া এফএএস ফাইন্যান্সের জন্য ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা প্রয়োজন হবে।
বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন আরও ১ হাজার ২৫৭ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বাকি পাঁচ প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে প্রয়োজন হবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানতকারীদের অর্থ ফেরাতে লাগবে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। তবে আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ অর্থ বরাদ্দের জন্য পৃথক প্রস্তাব পাঠানো হবে।
অন্যদিকে তিন মাস সময় পাওয়া অপর চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৬ কোটি ৭৪ লাখ, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৮ কোটি ৮২ লাখ, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৭ কোটি ৭২ লাখ এবং বিআইএফসির জন্য ৫১ কোটি ৮৭ লাখ টাকা প্রয়োজন হতে পারে।
ঋণ আদায় ও সম্পদ উদ্ধারে চলবে আইনি প্রক্রিয়া
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে দেওয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় সম্পদ বা কার্যালয় বিক্রি করে উল্লেখযোগ্য অর্থ আদায়ের সুযোগ সীমিত। তবে ঋণ আদায় ও সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া জরুরি হওয়ায় আপাতত সরকারের কাছে পুরো অর্থ চাওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঋণ আদায় ও সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ পাওয়া গেলে তা সমন্বয় করা হবে।
