অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই মিউচুয়াল ফান্ডে ডিএসইর সতর্কবার্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের ইউনিট দাম অস্বাভাবিক বেড়েছে। যার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফান্ড দুটিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে। ফান্ড দুটি হলো- ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড ও ১ম প্রাইম ফিন্যান্সিয়াল মিউচুয়াল ফান্ড।
ডিএসই বলেছে, ফান্ড দুটির ইউনিট দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ডিএসই সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপকদের কাছে এর কারণ জানতে চায়। জবাবে উভয় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক জানিয়েছেন, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ফান্ড দুটির ইউনিট দাম এভাবে বাড়ছে।
উল্লেখ্য,ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত তিন মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ জুন ফান্ডটির ইউনিটের দাম ছিল ৮.৫০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ১৮.৫০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা বা ১১৭.৬৫ শতাংশ।
এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত এক মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৩০ আগস্ট ফান্ডটির ইউনিটের দাম ছিল ২০.৮০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ৩১.২০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০.৪০ টাকা বা ৫০ শতাংশ।
