মৌলভিত্তি উপেক্ষিত, দুর্বল শেয়ারে উত্থান—বাজারের নেপথ্যে কারা?
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে বছরের পর বছর ধরে চলে আসা সনাতন ধারণা এবং বিনিয়োগের প্রথাগত সব হিসাব-নিকাশ যেন ধীরে ধীরে পুরোপুরি ওলটপালট হয়ে যাচ্ছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক সাপ্তাহিক ডেটা অ্যানালাইসিস বা বাজার পর্যালোচনা বিশ্লেষণ করলে দেখা যায়, ভালো-মন্দের চিরাচরিত তকমা এবং ডিভিডেন্ডের চটকদার প্রতিশ্রুতি ছাপিয়ে বাজারে এখন রাজত্ব করছে সম্পূর্ণ এক ভিন্ন ও রহস্যময় সমীকরণ।
বাজারের প্রচলিত নিয়ম বলে ভালো মৌলভিত্তির বা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিতে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যায় এবং পুঁজিও সুরক্ষিত থাকে।
কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টাল বা মৌলভিত্তি যেখানে বাজারে পাত্তাই পাচ্ছে না, সেখানে হঠাৎ করেই কিছু আনকমন ও দুর্বল কোম্পানির গ্রাফ অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এই উত্থানের নেপথ্যে সাধারণ বিনিয়োগকারীদের বোধগম্যতার বাইরে গিয়ে কাজ করছে কোনো অদৃশ্য ও প্রভাবশালী সিন্ডিকেট।
সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন বাজার বিশ্লেষকদের পরামর্শ মেনে এবং দীর্ঘদিনের পরীক্ষিত প্রথাগত নিয়মে বিনিয়োগ করে দফায় দফায় পুঁজি হারিয়ে ধরা খাচ্ছেন, ঠিক তখনই বাজারের একটি বিশেষ ও চতুর চক্র ঠিকই ফায়দা লুটে নিচ্ছে। দিনের পর দিন বাজারের এই অদ্ভুত আচরণ সাধারণ বিনিয়োগকারীদের শুধু হতাশই করছে না, বরং তাদের মনে তীব্র আর্থিক শঙ্কা ও হাতাশার জন্ম দিচ্ছে।
শেয়ারবাজারের এই রোলারকোস্টার পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—আসলে কার ইশারায় এবং কোন অদৃশ্য শক্তির বলে পরিচালিত হচ্ছে আমাদের শেয়ারবাজার? যারা দিনভর মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে পুঁজি সঞ্চয় করে বাজারে নিয়ে আসেন, তারা আজ সম্পূর্ণ দিশেহারা। নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় কীভাবে এই কারসাজি চলতে পারে, তা নিয়েও বিনিয়োগকারী মহলে এখন শুরু হয়েছে নানা গুঞ্জন ও চাপা ক্ষোভ।
বাজার বিশ্লেষকদের মতে, ডিভিডেন্ডের আকর্ষণকে পাশ কাটিয়ে হঠাৎ করে কিছু নামসর্বস্ব বা কম পারফর্ম করা কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী হওয়ার পেছনে বড় ধরনের কারসাজি থাকতে পারে। কোম্পানির উৎপাদন কিংবা আর্থিক অবস্থার বাস্তব চিত্রের সঙ্গে শেয়ারের এই কৃত্রিম লাফালাফির দূরতম কোনো সম্পর্ক নেই। একশ্রেণির সুযোগসন্ধানী মহল বাজারকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার এক সুদূরপ্রসারী ব্লু-প্রিন্ট বাস্তবায়ন করছে।
এমতাবস্থায় সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারের স্বাভাবিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। নীতিনির্ধারকরা যদি সময়মতো পর্দার আড়ালের এই কারসাজির পেছনের কুশীলবদের শনাক্ত করে আইনের আওতায় আনতে না পারেন, তবে শেয়ারবাজার থেকে আস্থার শেষ চিহ্নটুকুও চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
