ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল, ১০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য সামরিক কর্মজীবনের সূচনা হয়। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামরিক পরিচালনা ও সাংগঠনিক উন্নয়নে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। সেনাবাহিনীর বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, প্রশাসনিক ও কমান্ড দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনাসদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পরিচালক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির তাঁর শিক্ষাজীবনের শুরু থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। তিনি ১৯৯২ সালের এসএসসি এবং ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম স্থান অর্জন করেন। উচ্চশিক্ষায় তাঁর অসামান্য আগ্রহ ও নিষ্ঠার প্রতিফলন ঘটেছে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চতর ডিগ্রিতে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেন।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরের সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি দেশ-বিদেশের স্বনামধন্য সামরিক প্রতিষ্ঠানে বিস্তৃত। তিনি বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। এ ছাড়া তাঁর কৌশলগত দক্ষতা ও পেশাগত জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে কানাডার অটোয়ায় ন্যাশনাল ডিফেন্স হেডকোয়ার্টার্সের অধীন ডিপার্টমেন্ট অব মিলিটারি ট্রেনিং অ্যান্ড কো-অপারেশন পরিচালিত সিনিয়র অফিসার্স সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রাম (২০২১) এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অ্যাডভান্সড প্রফেশনাল ম্যানেজমেন্ট স্টাডিজ (২০২৪)।
দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে দুটি চ্যালেঞ্জিং শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসাধারণ নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা ও পেশাগত সততা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মর্যাদাপূর্ণ সামরিক সম্মাননায় স্বীকৃত হয়েছে।
গভর্ণ্যান্স, লিডারশীপ, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তদারকিতে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা ডিএসইর পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ও অংশীজনদের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
